দিমি যুগ হয়ত শেষ, মোহনবাগানের আর একটা বর্ণময় অধ্যায়

তিনি হয়ত ব্যারেটো হতে পারেননি, তবে সনি নর্ডির মত সবুজ মেরুন জনতার হৃদয় জয় করে নিয়েছিলেন। তাঁকে ঘিরে মোহনবাগান সমর্থকদের ভালবাসা, মাতামাতি, আবেগ অনেক সময়ই ব্যারেটোর কথা মনে করিয়ে দিয়েছিল। সেই দিমিত্রি পেত্রাতোস হয়ত শেষ করলেন মোহনবাগানে তাঁর জার্নি। আইএসএলের পরই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়। তারপর আর চুক্তি বাড়ানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি ম্যানেজমেন্টের তরফ থেকে। ২১ মে এসসি দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেই ফিরে গেলেন দিমি।
দেওয়াল লিখনটা তিনিও পড়তে পেরেছিলেন, তাই কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় দ্য লাস্ট ড্যান্স লেখাটি পোস্ট করে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। তারপর দিল্লি ম্যাচের আগে সাংবাদিকদের এই পোস্ট ঘিরে প্রশ্নে বারবারই শুধু একটা কথাই বলেন দিল্লির বিরুদ্ধেই আইএসএলের শেষ ম্যাচ। ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু ঘোষণা করেননি। দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার আগের দিন অনুশীলনের পর তাঁকে ঘিরে সমর্থকদের সেই আবেগ ফিরে এসেছিল। আব্গপ্রবণ ছিলেন দিমিও। তারপর দিল্লি ম্যাচ খেলে নিঃশব্দেই শহর ছাড়েন অজি ফুটবলার।

২০২২ সালে এসেছিলেন মোহনবাগানে। তার আগে অস্ট্রলিয়ার প্রথম সারির ক্লাবে খেলার পাশাপাশি খেলেছিলেন অস্ট্রলিয়ার বাইরের ক্লাবেও। অজি জাতীয় দলেও খেলেছিলেন দিমি পেত্রাতোস। মোহনবাগানে এসেই তিনি সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন। ব্যারেটো, সনি নর্ডির মতই তাঁর সঙ্গেও সমর্থকদের একটা আবেগের বন্ধন তৈরি হয়ে যায়। মোহনবাগানের হয়ে মোট ২৮টি গোল করেছেন মিডফিল্ডের এই ফুটবলার। সঙ্গে অজস্র অ্যাসিস্ট। প্রথম তিন বছর তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্যই সবুজ মেরুনে আলাদা জায়গা পেয়ে গিয়েছিলেন। তবে ২০২৫ মরসুমটা খুব ভাল যায়নি। ফিটনেস সমস্যায় ভুগেছেন। তখনই সম্ভাবনা তৈরি হয়েছিল, ২০২৬-এ হয়ত তাঁকে সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে না। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু ঘটেনি। তবে এই পরিস্থিতিটা হয়ত তিনি মেনে নিতে পারেননি, তাই মরসুম শুরুর আগে অফ সিজনে নিজেকে ফিট করে তুলতে বাড়তি পরিশ্রম করতে থাকেন। প্রচণ্ড খাটাখাটি করে নিজেকে অনেকটাই ফিরে পেয়েছিলেন। প্রি সিজনে তাঁর ফর্ম দেখে আশ্বস্ত হয়েছিল সবুজ মেরুন। কিন্তু মরসুম যত এগিয়েছে, পুরোনো দিমিকে আর ফিরে পাওয়া যায়নি।
সব কিছুরই একটা শেষ হয়। সেভাবেই মোহনবাগানে দিমি যুগও হয়ত শেষ হল, তবে তিনি যে জায়গা পেয়ে গেলেন তা অটুটই থাকবে। ভবিষ্যতে মোহনবাগানে দিমিকে নিয়ে আলোচনাটা থেকেই যাবে।
